চট্টগ্রামের আনোয়ারায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে ধর্ষণচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী। তার বয়স আনুমানিক ২৫ বছর।

বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তরুণীর মুখমণ্ডলে আঘাত লাগে এবং একটি দাঁত ভেঙে যায়। পরে তিনি আনোয়ারা থানায় সিএনজি চালক ও সহযাত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী তরুণী বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে কোরিয়ান ইপিজেড এলাকার একটি পোশাককারখানার নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা স্থগিত হওয়ায় দুপুরে বাড়ি ফেরার পথে কারখানার গেইট থেকে একটি সিএনজিতে ওঠেন। গাড়িতে আরো এক অজ্ঞাত যুবক যাত্রী হিসেবে ছিলেন।

তরুণীর অভিযোগ, গন্তব্যস্থলের পথ না নিয়ে চালক গাড়িটি ঘুরিয়ে বোয়ালিয়া এলাকার দিকে নিয়ে যান। সেখানে পৌঁছে চালক ও সহযাত্রী তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি সাহসিকতা দেখিয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, তরুণীর মুখের একটি দাঁত ভেঙে গেছে এবং মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।