অবশেষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা থেকে কয়েক কোটি টাকার পাথর লুটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর মহাপরিচালক মো: আনোয়ারুল হাবীব কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় দেড় থেকে দুই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি বরং সবাইকে ‘অজ্ঞাত’ হিসেবে দেখানো হয়েছে।

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাথর লুটে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মোহাম্মদ কামাল মিয়া (পিচ্চি কামাল) (৪৫), মো: আবু সাঈদ (২১), মো: আবুল কালাম (৩২)। তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অন্যদিকে, ক্রাশ করা সাদাপাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩৫) ডাম্প ট্রাক ভর্তি পাথরসহ গ্রেফতার হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন, তাদের খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর দায়েরকৃত মামলায় আজ শনিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ভোলাগঞ্জ গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে বিপুল পরিমাণ পাথর লুট করা হয়েছে, যার আর্থিক মূল্য কয়েক কোটি টাকা।

এদিকে, গত তিন দিন ধরে প্রশাসনের অভিযানে লুট হওয়া প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। যদিও কী পরিমাণ পাথর লুট হয়েছে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি।

তবে পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, গত এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

এজাহারে আরো বলা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।

পাথর লুটে জড়িতদের তদন্তের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।