নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো। রায় ঘোষণার জন্য আগামী ৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার রায় ঘোষণার এ নতুন তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে দুই দফা রায়ের তারিখ পরিবর্তনের পর বুধবার তৃতীয় দফায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ৬ জুলাই নির্ধারণ করা হয়েছে।

নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো: শাহজাহানের মেয়ে।

অন্যদিকে মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহত শিশুর জেঠাতো ভাই।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের আসমা। ঘটনার নয় দিন পর আসামির দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদাতকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি (শাহাদাত) জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেফটিক ট্যাংকিতে ফেলে রাখেন।

উল্লেখ্য, ঘটনার পর পুরো নোয়াখালীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।