দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা উদ্‌যাপন কমিটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মিয়ার বাড়ির বংশধরেরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর মেলা স্থগিত রাখার বিষয়ে লিখিতভাবে অবহিত করেন।

জানা যায়, কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা মেলাটি প্রায় ২০০ বছর ধরে তার বংশধরেরা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে আয়োজন করে আসছেন। এই মেলা উপলক্ষে এই এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো এবং মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয়রা তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে দাওয়াত দিতো। তবে দীর্ঘ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী মেলাটি এবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেলা পরিচালনা কর্তৃপক্ষ।

মেলা স্থগিত রাখার বিষয়ে মিয়াবাড়ির বংশধর শাহাদাত হোসেন খান বলেন, আমাদের পরিবারের ঐতিহ্যবাহী মেলাটি ২০০ বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে। তবে এবার স্থানীয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কেউ যেন জোরপূর্বক এই মেলার আয়োজন করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনকে লিখতভাবে জানানো হয়েছে।