সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানি করা পণ্য পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে যৌথ টাস্কফোর্স।
রোববার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবি এ তথ্য জানান। এর আগে, শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবির ৪৬ ব্যাটালিয়ন শ্রীমঙ্গল, ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জ, র্যাব-৯ ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে যৌথ টাস্কফোর্সের একটি দল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্যের সিজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।