সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা থেকে দুই কোটি ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ আগস্ট) ৪৮ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন এলাকায় ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর বিওপির বিশেষ টিম চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্, বিভিন্ন প্রকার শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল, ইয়াবা এবং অবৈধভাবে বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা, বাংলাদেশী মৃগেল মাছ আটক করে। জব্দ চোরাই মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ২৫ লাখ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটকক চোরাচালানী মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’