চট্টগ্রামের কর্ণফুলী টানেলের টিউবের বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রোববার (২৫ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া টানেলের দক্ষিণ পাশে এই কার্যক্রম চলবে বুধবার (২৮ মে) পর্যন্ত।

জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশ নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের টানালের ২ শমিক ৪৫ কিলোমিটার দৈর্ঘ্যের দু’টি টিউব রয়েছে। টিউব দু’টি নদীর তলদেশ থেকে ১৮ মিটার থেকে ৩১ মিটার গভীর দিয়ে পতেঙ্গা ও আনোয়ারাকে যুক্ত করেছে। একটি টিউব থেকে আরেক টিউবের দূরত্ব ১২ মিটার। টিউব দু’টিতে যাতায়াতের চারটি পথ আছে। ৩৫ দশমিক ৪ ফুট চওড়া ও ১৬ ফুট উচ্চতার টানেলের একটি টিউবের দুই লেনে একমুখি গাড়ি চলাচল করে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানান, রোববার রাত ১০টা থেকে টানেলের বিভিন্ন যন্ত্রাংশের মেরামতের কাজ শুরু করা হয়েছে। মোট চার দিন এ কাজ চলবে। জনসাধারণের ভোগান্তি কমাতে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কাজ চলবে।

দিনের বেলায় উভয় টিউব দিয়ে গাড়ি চলাচল করবে বলেও জানান তিনি।