বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ মে) থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ত্রীমতি কারবারী পাড়ায় বিজিবি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টির উদ্বোধন করেন।
জানা গেছে, এলাকায় ৪২টি পরিবারের বসবাস থাকলেও আশপাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। ফলে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিজিবি স্থানীয়দের সহায়তায় এই বিদ্যালয়টি স্থাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর মাঝে বই, শিক্ষা সহায়ক সামগ্রী, বিস্কুট ও চকলেট বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় দরিদ্রদের মাঝে মশারি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘ত্রীমতি কারবারী পাড়ার শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল। তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জন্য নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা, ত্রাণ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ প্রভৃতি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।