চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়াহাট পৌরসভার এলাকায় শেষ রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো: জয়নাল আবেদীন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও এলাকাবাসী কাজ করেছেন।

মো: জয়নাল আবেদীন (৩৫) খাগড়াছড়ি জেলা দিঘীনালা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন জানান, রাতে আগুন লাগার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বের হয়ে ছেরাজুল হকের সব দোকান, ঘর পুড়ে যাচ্ছে। ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা নেভাতে আসে। জয়নাল আবেদীন নামে একজন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন সম্ভবত।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, বারইয়ারহাট পৌরসভার ছেরাজুল হকের কলোনির কাঁচাঘর ও দোকানে আগুনের ঘটনা ঘটে। এতে ওই ঘর ও দোকানের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন। আগুন লাগার কারণে একজন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।