পদ্মা ও মধুমতি সেতু চালুর পর ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কে বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্য যানবাহনের চাপ আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। তবে ‘ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’ থেকে নড়াইল-যশোর-বেনাপোল সড়ক দুই লেনের (সরু সড়ক) হওয়ায় যানবাহনগুলো চলাচলে প্রতিনিয়ত বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

বিশেষ করে যেকোনো মৌসুমে একটু বৃষ্টি হলে সড়কের পাশে জায়গা না থাকায় বাসসহ অন্য যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে। পদ্মা ও মধুমতি সেতু চালুর পর গত আড়াই বছরে নড়াইল-যশোর ৫২ কিলোমিটার সড়কে দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন।

সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা এলাকায় ২০২২ সালের ১০ অক্টোবর দেশের প্রথম ছয় লেনের ‘মধুমতি সেতু’ উদ্বোধন করা হয়। এরপর থেকেই ঢাকা, যশোর, বেনাপোল, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, সিলেট, চট্টগ্রাম. বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্য যাহবাহন নড়াইল সড়ক হয়ে প্রতিনিয়ত চলাচল করছে মধুমতি ও পদ্মা সেতু দিয়ে। তবে ‘ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’-এর ভাঙ্গা থেকে নড়াইল-যশোর-বেনাপোল সড়ক দুই লেনের হওয়ায় সরু রাস্তায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এই সড়কটি ছয় লেনে দ্রুত উন্নতীকরণের দাবি সবার।

ঢাকাগামী বাস চালক সোহেল, আরমান, সাইফুলসহ অনেকে জানান, তারা যখন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যান, অথবা ঢাকা থেকে ছেড়ে আসেন, তখন ভাঙ্গা-নড়াইল-যশোর-বেনাপোল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করেন। এই ১৩০ কিলোমিটার সরু সড়কের দু’পাশে তেমন জায়গা না থাকায় প্রায়ই বাস, ট্রাক উল্টে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন সাইড দিতে গিয়ে সড়কের পাশে উল্টে হতাহতের ঘটনা ঘটেছে।

বাসযাত্রী শাহিন হোসাইন, নয়ন শেখ, সাবিনা খাতুন, রিয়া ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, আমাদের দাবি, ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ছয় লেনের মহাসড়ক দ্রুত নির্মাণ করা হোক। আশা করছি, জনস্বার্থে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

এদিকে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘পদ্মা ও মধুমতি সেতু চালুর পর ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের (২০২৫) মে পর্যন্ত গত আড়াই বছরে নড়াইল-যশোর সড়কে ৬৭টি দুর্ঘটনায় ৩৮জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনারোধে চালক, যাত্রীসহ সবার মধ্যে গণসচেতনতা সৃষ্টিতে নিয়মিত কাজ করছে হাইওয়ে পুলিশ।’

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা-মাওয়া-বেনাপোল জাতীয় মহাসড়কের ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার সড়ক ছয় লেন তথা ‘এক্সপ্রেসওয়ে’ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। তার আগে মধুমতি সেতুর নড়াইল প্রান্ত থেকে যশোর পর্যন্ত ৫২ কিলোমিটার সড়ক ২৪ ফুট থেকে দু’পাশে আরো ১২ ফুট (ছয় ফুট করে) প্রশস্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ আশা করছে, নতুন অর্থবছরে কাজটি শুরু হবে।