ঢাকার আশুলিয়া থেকে রিফাত মন্ডল নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি জিডি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) নিখোঁজের শিক্ষার্থীর বাবা গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য দেন। এর আগে গত ৪ জুন সকালে রিফাত নামে তার এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে গেলে আর ফিরে আসেনি।
নিখোঁজ রিফাত মন্ডল দিনাজপুরের হাকিমপুর থানাধীন মধ্য বাসিদপুর গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। আশুলিয়ার গাজিরচট মধ্যপাড়া এলাকায় দাদি হাসিনা বেগমের সাথে ভাড়া বাসায় থেকে ‘শিশুর পণ’ অ্যাকাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।
তার দাদি হাসিনা বেগম জানান, রিফাত নামের তার এক বন্ধুর সাথে খেলাধুলা করতো। অন্য দিনের মতো গত ৪ জুন সকালে তার বন্ধু জামগড়া এলাকায় তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। রিফাতের খোঁজ বা কোনো তথ্য পেলে ০১৭১৮-৮১৮৩৮৪ নম্বরে জানানোর জন্য অনুরোধও করেন তিনি।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। যাকে সন্দেহ করা হয়েছিলো, তার অবস্থান সম্পর্কে নিখোঁজের পরিবারকে জানানো হয়েছে এবং তাদেরতো সেখানে যাওয়ার কথা ছিল। ওই থানায় গিয়ে জানালে সেই থানার ওসিকে বলে দিবো বলেও জানান তিনি।’