বাংলাদেশ মেডিক্যাল ইকুইপমেন্ট ইম্পোটার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো: টিপু সুলতান।
সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের অর্থ পরিচালক মনিরুজ্জামান মনির। বার্ষিক প্রতিবেদন ও গঠনতন্ত্রের পরিমার্জন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক।
সরকারের সদ্য প্রবর্তিত বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫-এর আলোকে অ্যাসোসিয়েশন পরিচালনার জন্য আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সদস্যদের সামনে তুলে ধরলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়।
সভাপতির বক্তব্যে মো: টিপু সুলতান বলেন, ‘সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজকের এজিএম অনুষ্ঠিত হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরো সামনে এগিয়ে নেয়া হবে। আমরা চাই, সংগঠন সুষ্ঠু ও শক্তিশালীভাবে পরিচালিত হোক।’
এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও নতুন নেতৃত্বের মাধ্যমে নীতিগত স্বচ্ছতার ভিত্তিতে সংগঠনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে বলে সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো: শহিদুল হাসান, মাহফুজ হাসান, মো: জাহিদ এইচ খান, জহিরুল ইসলাম, কাজী ওয়াহিদুল হক, মাহাবুবুর রহমান, মো: বিল্লাল হোসেন, পরিচালক নাহিদ আক্তার, অমল কান্তি শর্মা, মো: শফিকুর রহমান, মো: হাসানুজ্জামান, মো: জাকির আলম চৌধুরী, মো: জহুরুল ইসলাম অনিক ও আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশিদ ও মো: মনিরুল হাসান সুজন।