চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জেসমিন আক্তার (২৮) নামে তিন সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দপুর নতুন পাড়ায় নিজ বসতঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গৃহবধূ জেসমিন আক্তার পুকুরিয়া ইউনিয়নের চন্দপুর ৪ নাম্বর ওয়ার্ড নতুন পাড়া এলাকার ফজল কাদেরের স্ত্রী বলে জানা গেছে। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা বিস্তারিত জানা যায়নি।
তবে স্থানীদের বরাত দিয়ে ও পুলিশ জানায়, তিন সন্তান ও স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন আবদুল কাদের। এর পর থেকে স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ-খবর না নেয়ার কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে।
বাঁশখালী থানার পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে জেসমিন আক্তার নামের একজনকে তার নিজ বসতঘরের চালে ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তার পরও পুলিশ বিষয়টি ক্ষতিতে দেখছে।