সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় বিদেশী পিস্তলসহ জিয়া দেওয়ান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২০ এপ্রিল) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার মো: আলী দেওয়ান নেওয়াজের ছেলে বলে জানা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার ফুলবাগান রোডের এস এ এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় আধিপত্য বিস্তারে অবৈধ বিদেশী পিস্তল দিয়ে দু’রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে জিয়া দেওয়ানের দেয়া তথ্যমতে, তার বসতবাড়ির পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি ম্যাগাজিন ও একটি গুলির খোসাও উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে সাভার পৌর এলাকার রাজাশনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ইমাম হোসেন ইফতি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ ।
তিনি ঢাকা জেলার সাভার উপজেলার উত্তর রাজাশনের মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় রোববার (২০ এপ্রিল) সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।
পুলিশ জানায়, সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মো: সেলিম মিয়া উত্তর রাজাশন গলির ৫০/২০ নম্বর বাসায় অবৈধ গুলির সংবাদ পেয়ে শনিবার দিবাগত রাতে এসআই মো: মোস্তাকিম বিল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে ইফতিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার শয়ন কক্ষ থেকে দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার (এসআই) মোস্তাসিন বিল্লাহ নয়া দিগন্তকে জানান, গ্রেফতার ইফতিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।