কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দু’জন চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘ দিন যাবৎ কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট পাড়া এলাকার সাধারণ জনগণের ওপর একদল ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কোস্ট গার্ডের বরাবর অভিযোগ দিলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ধলঘাটপাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সোমবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদলের দু’জন সক্রিয় সদস্যকে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, একটি অস্ত্রের ক্লিনিং রড ও দু’টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দু’জন ডাকাত হলেন মো: আব্দুর রহিম (২৪) ও আব্দুল খালেক (৪৪)। দু’জনেই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে অস্ত্রসহ মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।