চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ঋণগ্রহীতার ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ারো বাড়িতে অবস্থিত জড়িতদের বসতঘরে ভাংচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর জানাজার নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিক (৩২) খুনের ঘটনায় জড়িত মো: রাসেল (৩৬), মো: নয়নের (৩২) বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।’

স্থানীয় আরেক সূত্র জানায়, ‘নিহত মানিক ও অভিযুক্ত রাসেল উভয়েই মাদক কারবারের সাথে জড়িত ছিল। এছাড়া আসামি রাসেল যুবলীগের একজন সক্রিয় কর্মী।

আগুন লাগানোর বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো: ইউছুফ জানান, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, ‘ঘর পুড়িয়ে দেয়ার কথা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি জেরে রাসেল, নয়নসহ অজ্ঞাত ২/৩ জন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করে। এঘটনায় নিহতের বড় ভাই মো: বাবু প্রকাশ বাবুল (৩৮) থানায় মামলা দায়ের করেন।