কক্সবাজারের রামুতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে মো: রাশেদ (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো: ওসমান গণি এই রায় ঘোষণা করেন।

মো: রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মরহুম নূর আহমদের ছেলে।

অন্যদিকে নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজা পাড়ার মরহুম আবুল খায়ের মেয়ে।

আদালতের আদেশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলা কেটে হত্যার চেষ্টা করে স্বামী মো: রাশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু বলেন, মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

উল্লেখ্য, রায় ঘোষণার সময় প্রধান আসামি মো: রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।