মাদারীপুরে কযুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগে দ্বীপ তালুকদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে চাঁদা দাবির ঘটনাটি ঘটে। পরে ডাসার থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, ডাসার উপজেলার শশিকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বের হন স্থানীয় দুই যুবক-যুবতী। এ সময় তাদেরকে জিম্মি করে চাঁদা দাবি করে একদল বখাটে। পরে তাদের দাবি করা চাঁদার টাকা দেয়ার আশ্বাস দিয়ে ওই যুবক-যুবতীকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ্বাস।
পরে শশিকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে দাবি করা চাঁদার টাকা নিতে আসে ওই বখাটেরা। এ সময় ওই চাঁদাবাজদের সাথে স্থানীয় লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্য়ায়ে সঙ্গীরা পালিয়ে গেলেও দ্বীপ তালুকদারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
এ ব্যাপারে ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতার করা হবে।