ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কুমিল্লায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই থেকে আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড পর্যন্ত এ যানজট দেখা দেয়। এতে বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন পিঁপড়ার গতিতে চলাচল করছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, কুমিল্লা ক্যান্টনমেন্টের আমতলী এলাকায় বৃষ্টির কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি ও কাদা জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের সংস্কারকাজ চলমান থাকায় যানজট আরো তীব্র হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের লোকজন কাজ করছেন। দীর্ঘ যানজটের কারণে কিছু যানবাহন উল্টো পথে চলাচল করায় কয়েকটি স্থানে মহাসড়কের উভয়মুখী লেনেও যানজট ছড়িয়ে পড়ে।

মোকাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো: লিয়াকত আলী জানান, ক্যান্টনমেন্ট-আমতলী এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে মহাসড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষার কারণে আলেখারচর বিশ্বরোড থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে মহাসড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। ফলে প্রায় দুই মাস ধরে যানজট ও জনদুর্ভোগ লেগেই আছে।

কুমিল্লা পাপিয়া ট্রান্সপোর্টের চালক আবুল হোসেন এবং রূপালী সার্ভিসের যাত্রী ও কুমিল্লা আদালতের কর্মচারী ফারুকুল ইসলামসহ অনেকে জানান, সকাল ৮টার দিকে মাধাইয়া থেকে বুড়িচংয়ের কোরপাই এলাকায় যানজটে আটকা পড়েন তারা। আলেখারচর বিশ্বরোডে পৌঁছাতে তাদের প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় লাগে। যানজটের কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মজীবীকে নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের সংস্কার কাজ চলছে ধীরগতিতে। একইভাবে চট্টগ্রামমুখী লেনেও সংস্কার কাজ ধীরগতিতে চলায় প্রতিদিনই মানুষের দুর্ভোগ বাড়ছে। দ্রুত কাজ শেষ করে মহাসড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

এদিকে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে যানজট অনেকটাই কমে এসেছে। কোরপাই থেকে যানজট কমে কাবিলা পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে। আশা করা হচ্ছে বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তবে মহাসড়কের উভয় পাশেই খানাখন্দের সমস্যা রয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার কাজ করা হয়েছে। এ কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে।