বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘যেখানেই ভালো কাজ সেখানেই জামায়াতে ইসলামী। এই সমাজসেবা মুলক কাজগুলো শুধু আমাদের দলের কর্মীদের জন্য করি না, মানুষের চেহারা দেখে করি না। যার প্রয়োজন জাতি, দল-মত, ধর্ম-বর্ণ, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য করি।’
রোববার (২০ এপিল) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতের উদ্যোগে নাঈমুরি গ্রামে অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘সমাজ সেবামূলক কার্যক্রম জামায়াতে ইসলামীর নতুন কোনো কর্মসূচি নয়। জামায়েত ইসলামীর প্রতিষ্ঠা থেকেই এসব সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অতীতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জামায়াত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান সমাজ সেবামূলক সকল কার্যক্রমে আমরা মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ।’
তিনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে অসহায়, দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী হতে সাহায্যের আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা সভাপতি আনিসুর রহমানসহ স্থানীয় নেতারা।