নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)।

ওই কিশোরীর বাবা জানান, রাতে মনির হোসেন মোবাইলে তার প্রতিবন্ধী মেয়েকে কল দিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। এ সময় মনির হোসেন প্রথমে তার মেয়ের শ্লীলতাহানি করে। পরে কামরুল ইসলাম তাকে ধর্ষণ করে। এ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা ওই কিশোরীকে আম বাগান থেকে উদ্ধার করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।