বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, ‌‘জনগণ জামায়াতের হাতে ক্ষমতা তুলে দিতে প্রস্তুতি নিচ্ছে। মানুষ বহু দল, মত, রাজনীতি দেখেছে যারা সবাই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। জামায়াতের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। একটি সুখি-সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের দায়িত্ব জামায়াতই নিতে পারবে বলে জনগণ তা বিশ্বাস করে।’

সোমবার (১৭ মার্চ) বিকেলে কুমিল্লা টাউন হলের মিলনায়তনে জেলার লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাওলানা এ টি এম মাছুম বলেন, ‘কিছু লোক মনে করেন ইসলামে রাজনীতি নেই। এ কথা স্বীকার করলে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা হবে। আমাদের দায়িত্ব ইসলামের পরিপূর্ণ জীবনবিধান জনগণের কাছে তুলে ধরা।’

ফোরামের সভাপতি কুমিল্লা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, সাবেক ছাত্র নেতা জয়নাল আবেদীন, জাহিদুল ইসলাম, আবদুর রব ফারুকী, জামায়াতের লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এ সময় ফোরামের ২০২৫ সালের জন্য ছাত্রনেতা জাহিদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাফিল হোসেন।

ইফতার মাহফিলে কুমিল্লায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।