সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এ সময় যান চলাচল প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকে।

বুধবার (১৪ মে) বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটির কাউনিয়ার মীরবাগে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

জানা গেছে, গত পাঁচ দিনের ব্যবধানে ওই এলাকায় সড়কে বাসচাপায় পাঁচ মোটরসাইকেল আরোহী মারা যায়। এই ঘটনার প্রতিবাদে এই অবরোধ গড়ে তোলে তারা। এ সময় কুড়িগ্রাম ও লালমনিরহাটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধের সময় বক্তব্য দেন গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, আরাফাত রহমান, আকাশ মিয়া, হুমায়রা বেগম, মেহেদি হাসান, সনজিদা প্রমুখ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাউনিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিদুল হকসহ সড়ক বিভাগের কর্মকর্তারা। তারা অবরোধকারীদের সাথে দাবি মেনে নেয়ার কথা বললে বেলা সোয়া ১টার দিকে অবরোধ তুলে নেয়।

মহিদুল হক জানান, এই সড়ক অনিরাপদ হয়ে উঠেছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা চার লেনে উন্নীত করার জন্য অবরোধ করেছে। আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের দাবি আমরা ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।

অবরোধকারীরা জানান, শুধু প্রতিশ্রুতি নয়, দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচি পালন করবে তারা।