খুলনায় নিলু বেগম (৬০) নামের এক ভিক্ষুক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ পুলিশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর টুটপাড়া এলাকার দারোগার বস্তির পাশের একটি একতলা পরিত্যক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নিলু বেগম ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা ঘরের জানালায় উঁকি দিয়ে খাটের পূর্বপাশে মেঝেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকে দেখে। পরে বিকেল ৪টায় পুলিশ লাশটি উদ্ধার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন বলেন, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, নিলু বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি ভিক্ষাবৃত্তির জমানো টাকা দিয়ে তিনি এলাকায় চড়া সুদের কারবার করতেন। সুদের টাকার কারণে তাকে হত্যা করা হতে পারে।

তিনি আরো বলেন, তার বুকের মাঝখানে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।

ওসি জানান, হত্যাকারীদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।