কক্সবাজারে ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে শহরে শোক র‍্যালি করা হয়েছে।

এছাড়া দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ এবং ফেরি চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুতুবদিয়াবাসী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কুতুবদিয়া সমিতি ও কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের ব্যানারে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় কুতুবদিয়াবাসীর দুর্ভোগ লাগবে টেকসই বেড়িবাঁধ চেয়ে নিজের লেখা ও সুর করা শাহীন আবরার প্রতিবাদী গান পরিবেশন করেন। এ সময় ‘হোক প্রতিবাদ, মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ চাই।’ স্লোগান দেয়া হয়।

কুতুবদিয়া সমিতি কক্সবাজার-এর সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন, সদস্য সচিব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দীন ছোটন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদ, জেলা যুবদল নেতা দিদারুল ইসলাম রুবেল, এজাবত উল্লাহ কুতুবী, কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক এহসান আল কুতুবী উপস্থিত ছিলেন।

এ সময় অবস্থান কর্মসূচি থেকে দ্রুততম সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধের জন্য জরুরি উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান। তা না হলে কক্সবাজার-চট্ট্রগ্রাম মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এ দিবসটি উপলক্ষে কুতুবদিয়া, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভয়াল ২৯ এপ্রিলকে স্মরণ করা হচ্ছে।