সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের ছয়তলা থেকে মোসাম্মৎ রেখা পারভিন (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে জালাল টাওয়ার নামক ভবনের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে রেখা পারভিনের স্বামী সোহেল রানা পলাতক রয়েছেন।

রেখা পারভিন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মন্নাটুলী গ্রামের মো: সাইফুদ্দিন আহমেদের মেয়ে এবং সাভারের হেভেন গার্মেন্টসের শ্রমিক। তিনি স্বামীসহ জালাল টাওয়ারের ছয়তলায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানায়, শনিবার সকালে শয়নকক্ষে রেখা পারভিনের লাশ শোয়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

প্রতিবেশীদের ভাষ্যমতে, রেখা পারভিন এবং তার স্বামী সোহেল রানার মধ্যে প্রায়ই পারিবারিক কলহের জেরে ঝগড়া-বিবাদ লেগে থাকত।

সাভারের ট্যানারি পুলিশ ফাঁড়ির (এসআই) আমির হোসেন নয়া দিগন্তকে বলেন, রুমের মধ্যে শোয়ানো অবস্থায় আমরা লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।