মাদারীপুরে মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই শিক্ষার্থীর নাম শিমুল (২১)। তিনি বরিশালের মো: এনামুল হোসেনের ছেলে ও রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরে মামা মামুন বেপারীর বাড়িতে বেড়াতে আসেন শিমুল। শনিবার দুপরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামেন তিনি। পরে পানিতে তলিয়ে যান। এরপর আর উঠে না আসলে খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তল্লাশি চালিয়ে উদ্ধার করে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষানিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ হলে লাশ ময়নাতদেন্তর জন্য পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।