মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন এ মামলা করেন। রেজানুল হক ইমন গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, মামলায় সাবেক মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপিকে প্রধান আসামি করে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গাংনী পৌর সভার সাবেক মেয়র আহমেদ আলীকে দ্বিতীয় প্রধান আসামি করে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ ও ২ নম্বর আসামিরা গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এছাড়া স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে পরিচিত। তাদের নির্দেশনায় ও অর্থায়নে অন্য আসামিরা খুন, জখম, চাঁদাবাজি, লুটপাট, জমি ও বিল দখল, জুয়াসহ নানা অপরাধের সাথে জড়িত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত-সন্ত্রস্ত অবস্থায় বসবাস করছিলেন।
এছাড়া ২০১৮ সালের ২০ ডিসেম্বর ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ৩৬ থেকে ৪০ নম্বর আসামিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাংনী উপজেলা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন লাখ ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বিষয়ে অ্যাডভোকেট সেলিম রেজা গাজী জানান, দ্রুত বিচার আদালত মামলাটি গ্রহণ করে গাংনী থানাকে নথিভুক্ত (এফআইআর)-এর নির্দেশ দিয়েছেন।