চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, ৬টি দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুন সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

স্থান

চুয়াডাঙ্গা

Chudanga
আগুনে পুড়ে যাওয়া দোকান | নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুন সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি ফার্নিচারের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।