পাবনার ঈশ্বরদীতে ‘শয়তানের নিশ্বাস’ বা স্কোপোলামিন নামক মাদকের ঘ্রাণে এক গৃহবধূকে সম্মোহিত করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসি টিভি ক্যামেরা ফুটেজ থেকে ঘটনার সত্যতা মিলেছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা জানা যায়, অভিযোগকারী মো: সিরাজুল ইসলাম (রিপন) মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে তার স্ত্রী মোছা: আনোয়ারা খাতুন (৪৫) ও ছেলে মো. আরাফাত (১৯) ছিলেন। আরাফাত ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।

বিকেল সোয়া তিনটার দিকে বোরকা পরা অজ্ঞাতনামা দুই নারী বাসায় এসে পানি পান করতে চান। মানবিক কারণে আনোয়ারা খাতুন তাদের পানি পান করতে দেন। এ সময় এক নারী তার হাতে সামান্য মাটি দেন। ওই মাটি হাতে নেওয়ার পর তিনি একটি তীব্র সুগন্ধ অনুভব করেন এবং এরপর কী ঘটেছে, তা তার মনে নেই।

সিসি টিভি ক্যামেরায় দেখা যায়, ওই দুই নারী আনোয়ারাকে সাথে নিয়ে বাড়ি থেকে প্রধান সড়কে যায়। সেখানে তাকে ফেলে রেখে তারা একটি ইজিবাইকে করে আলহাজ্ব মোড়ের দিকে চলে যান। কিছুক্ষণ পর আনোয়ারা খাতুন বাসায় ফিরে মুখে পানি দিলে তার স্বাভাবিক জ্ঞান ফিরে আসে। তখন তিনি দেখতে পান, তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা ছয় আনা ওজনের স্বর্ণের দুল নেই।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতারক দুই নারী শয়তানের নিশ্বাস নামক বিশেষ ধরনের মাদকের গ্রাণে গৃহবধূ আনোয়ারা খাতুনকে সম্মোহিত করে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।