সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৫ জন।
শুক্রবার (১০ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ মারা যাওয়া পাঁচ মাস বয়সী শিশু সাইফান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৮৯ জন শিশু। এর মধ্যে চারজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হলেও অন্যরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এরপর সিলেটে ৩২ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে আটজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো হাম রোগী শনাক্ত না হলেও এ সময়ে উপসর্গ নিয়ে আরো ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৮৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৫৭ জন, সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৪১ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।
বর্তমানে চিকিৎসাধীন ২৫৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন এবং বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকিরা ভর্তি রয়েছেন।