মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের লোকজন ঘাতক জামাইকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গাঁড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।ইলিয়াছ হোসেন ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ইলিয়াছ হোসেন সকালের দিকে তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচা শ্বশুর ইলিয়াছ হোসেন তাকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক সবুজ আহম্মেদ ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তার লাশ উদ্ধার এবং ঘাতককে পুলিশ হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে।