মুন্সীগঞ্জে লঞ্চঘাটে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দু’ তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় জিহাদ ওরফে জিহাদ হাসান (২৪) নামের এক যুবককে দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ মে) মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এ ওই যুবককে হাজির করলে দুপুর ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই ইমরান আহমেদের উপস্থিতিতে রিমান্ডের আবেদন শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাকে দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মো: মনিরুজ্জামানের ছেলে।
এর আগে, গত রোববার (১১ মে) জিহাদ ওরফে জিহাদ হাসানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে আনা হলে ওই আদালতের বিচারক সোমবার রিমান্ডের আবেদন শুনানির তারিখ ধার্য করাসহ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার মুন্সীগঞ্জে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দু’ তরুণীকে প্রকাশ্যে মারধর, ভাঙচুর ও লুটপাটের অপরাধে মুক্তারপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুন্সীগঞ্জ থানায় জিহাদ ওরফে জিহাদ হাসানসহ অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গত শনিবার দুপুরে জিহাদ মুন্সীগঞ্জ সদর থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ওই দিন পুলিশ তাকে আটক দেখায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল আলম মামলা করার জন্য ওই তরুণীদের ও লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হলে তারা থানায় আসেনি। সবশেষ রোববার সকালে মুক্তারপুর নৌপুলিশ মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো: কামরুল ইসলাম মিঞা জানান, সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ জিহাদ ওরফে জিহাদ হাসানকে রোববার আদালতে আনা হয়। সোমবার (১২ মে) তাকে আদালতে উঠালে মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত জিহাদকে দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।