সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১২৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারি, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার আসামিরা রয়েছেন।

অভিযানকালে ২৭ বস্তা ভারতীয় চা-পাতা এবং ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯২টি যানবাহন আটক করে।

মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।