শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মরহুম মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি বালারবাজার সড়কের নয়ারারাস্তা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’