রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় সাড়ে আট হাজার টাকায়।

শনিবার (১২ এপ্রিল) দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে ইলিশটি বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার বাজারের হালিম সরদারের আড়তে অন্য মাছের সাথে বিক্রির জন্য তোলা হয় জেলেদের জালে ধরা পড়া বড় আকারের এ ইলিশ মাছটি। যার ওজন ছিল প্রায় এক কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ মাছটি কেনেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সকালে রাজবাড়ী জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মাছের বাজার বসে দৌলতদিয়া ঘাট বাজারে। ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম এ দৌলতদিয়া ঘাট। প্রতিদিন শত শত যানবাহনের যাত্রী আসা-যাওয়া করে এ ঘাট দিয়ে। যাওয়া-আসার পথে অনেকে ঘাট থেকে পদ্মা নদীর সুস্বাদু তরতাজা ইলিশ মাছ কিনে থাকেন। এসব মাছ বিক্রির জন্য এখানে নিয়ে আসেন জেলেসহ স্থানীয় মাছ ব্যবসায়ীরা।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪ হাজার ৬০০ টাকা কেজি দামে ৮ হাজার ২৮০ টাকায় আমি মাছটি কিনেছি। পরে কুষ্টিয়ার পরিচিত এক বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা লাভ করে পুনরায় মাছটি বিক্রি করে দেই।’