অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ না হয় তাই সরকারকে সহযোগিতা করা হচ্ছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘বর্তমান সরকার বিএনপির আন্দোলনের ফসল। গণতন্ত্রকে মজবুত করতে নির্বাচন দরকার। তাই বিএনপি সরকারের কাছে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বারবার নির্বাচনের কথা বলছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন। কিন্তু সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলেও সরকারকে সব সময় সহযোগিতা করছি। আমরা নির্বাচনের কথা বলেই যাব।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের একটি হোটেলে রাজশাহী বিভাগের সকল জেলা ও রাজশাহী মহানগরীর নেতা, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের সাথে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘নির্বাচন না দিলে আবারো ফ্যাসিবাদের জন্ম হতে পারে এবং দেশে নানামুখী সমস্যা সৃষ্টি হতে পারে। আবারো যেন পরাজিত আধিপত্যবাদী শক্তি ফিরে না আসে সে দিকে সতর্ক থাকতে হবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
বিএনপি নেতা আব্দুস সালাম আরো বলেন, ‘বিগত ১৬ বছর দলের কার্যক্রম ঠিকমত চালানো যায়নি। তাই বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো পূনর্গঠনে কাজ চলছে। দ্রুততম সময়ে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হবে।’
এ সময় সভায় চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয়তবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও ওবায়দুর রহমান চন্দন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।