দিনাজপুরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিদেশে পাচারের আগেই কোটি টাকার তিনটি দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ, একটি বিষ্ণু মূর্তি এবং একটি মনসা মূর্তি।

সোমবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোবাবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি যৌথ দল পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে একই দিন ভোরে কাহারোল উপজেলার ইছাইল এলাকায় ১৩ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের মূল্যবান বেলে পাথরের একটি মনসা মূর্তি উদ্ধার করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধার হওয়া তিনটি নিদর্শনকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মোট বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

তবে সংশ্লিষ্টদের মতে, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য আরে অনেক বেশি।