সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে খাসিয়াদের দুটি পান সুপারির বাগানে রোপিত দুই হাজারের বেশি লতানো পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে রাস্তায় বসার উপক্রম লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখারের পরিবার। আতঙ্কিত হয়ে পড়েছে এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাগানের এসব পানের আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলাকায় পাশাপাশি দু’টি জুমে দু’জন জুম মালিক পান চাষ করেন।

গতরাতে দুর্বৃত্তরা তাদের বাগানের সব লতানো পান গাছের ডাটা কেটে রেখে গেছে। নৈশপ্রহরীর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন কংওয়াং ও গস্মিন ডিখার।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমার আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায়বিচার চাই।’

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ‘লামাপুঞ্জি এলাকায় দুটি পান সুপারির বাগানে দুর্বৃত্তদের দ্বারা পানের গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’