ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে বাসের যাত্রীরা দরজা দিয়ে দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এবং সিরাজদিখান ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো: আরিফ আনোয়ার জানান, সোমবার দিবাগত রাত ১১টা ৮ মিনিটে মোবাইল ফোনে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর মাওয়ামুখী এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে জ্বালানি তেলের ট্যাংক থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে চালক বাসটি নিরাপদ স্থানে থামিয়ে দেন। এ সময় বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে কেউ হতাহত হননি।