সিলেটে বকেয়া বেতনের দাবিতে বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিমানবন্দর-আম্বরখানা সড়কের মালনীছড়া এলাকায় সড়ক অবরোধ করে চা শ্রমিকরা। এ সময় টানা তিন ঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

রোববার (৪ মে) ইউএনও আশ্বাস দিলে চা শ্রমিকরা তাদের দাবি পূরণে এক সপ্তাহের সময় দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন।

পরে ১০ জনের একটি প্রতিনিধি দল স্থানীয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে লিখিতভাবে তাদের দাবি জানান।

জানা গেছে, টানা ২০ সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না সিলেটের তিন চা বাগানের প্রায় আড়াই হাজার শ্রমিক।

এ ঘটনায় শ্রমিকরা অবরোধের কারণে আম্বরখানা-বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে। পরে বিকেল ৩টার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন চা শ্রমিকরা।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধ চা শ্রমিকরা বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধ, বসতবাড়ি নির্মাণ ও মেরামত, চিকিৎসা সেবা চালু ও ঔষধ প্রদান, চা বাগানের গাছ কাটা ও বিক্রি বন্ধসহ বেশ কয়েকটি দাবি জানান।

এ সময় চা শ্রমিকরা বলেন, বেতন ও রেশন না পাওয়ায় খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। বুরজান চা-কোম্পানির অধীনে থাকা আড়াই হাজার শ্রমিকের বেতন-রেশন ও বোনাস বকেয়া পড়েছে। তাদের ছেলে-মেয়েরা তিন বেলা খাবার খেতে পারছে না। পড়াশোনায় সমস্যা হচ্ছে। মালিকপক্ষ বেতন দিচ্ছে-দিচ্ছে বলে যাচ্ছে। কবে তাদের বেতন দেবে তার ঠিক নেই। এ সময় এক সপ্তাহের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আবারো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।