রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা এক মামলায় জেলা যুবলীগের সভাপতি মো: শওকত হাসানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শওকত হাসান আলাদিপুর গ্রামের মরহুম আজাহার আলী শেখের ছেলে। এছাড়া তিনি আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলা করেন ছাত্র আন্দোলনকারী রাজিব মোল্লা। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শওকত হাসানকে গ্রেফতার করা হয়েছে।