নড়াইলের কালিয়া উপজেলার হাঁড়িডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশে উল্টে গিয়ে চালক রাহুল মুসল্লি (২৭) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল মুসল্লি কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাবলু মুসল্লির ছেলে। তিনি খালি নসিমন নিয়ে বাকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংসারের উপার্জনক্ষম সন্তান রাহুলকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। তারা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না করে বলেন, ও বাবা, তোর একি হলো। আমরা এখন কি করব। ওরে আব্বা, তোর কি হলো।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।