রাজধানী ঢাকায় মোটরসাইকেল চুরির মামলার আসামি কাইয়ুম তালুকদার নামের এক যুবককে ঝালকাঠি পৌর শহরের বান্দাঘাট সংলগ্ন কাঁঠালতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ঝালকাঠি সদর থানা পুলিশ ও ঢাকার রূপনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাইয়ুমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যায়।

আটক কাইয়ুম বরগুনা জেলার বেতাগী উপজেলা হাইস্কুল রোডের বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে। সে আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে গণমাধ্যমকে প্রাথমিক ধারণা দিয়েছে পুলিশ।

আটকের সময় কাইয়ুমের কাছ থেকে ইয়ামাহা কোম্পানির দুটি (R15) মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে জব্দ মোটরসাইকেল দুটি চোরাই কিনা সে বিষয়ে তদন্ত করছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

রূপনগর থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চুরির একটি মামলার সূত্র ধরে ঝালকাঠি সদর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তথ্য বলছে, ‘ভাইডি’ নামের একটি পেইজের কন্টেন্ট ক্রিয়েটর মো: শাওন আকনের ব্যবহৃত একটি মোটরবাইক ঢাকা মিরপুর থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় সেখানকার থানায় মামলা করা হলে সেই মামলার সূত্র ধরে রূপনগর থানা পুলিশ ঝালকাঠিতে এসে কাইয়ুমকে গ্রেফতার করে নিয়ে যায়।