গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এম কে ফুটওয়্যারের বন্ধ কারখনা খুলে দেয়া ও এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা।
শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভে কারখানার এক হাজারের বেশি শ্রমিক অংশ নেন।
এ সময় দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে। কারখানা কর্তৃপক্ষ আগামী মঙ্গলবার কারখানা খুলে দেয়া ও বৃহস্পতিবার সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, অর্থনৈতিক সঙ্কটের অজুহাতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিন ছুটি দিয়েছিল। শনিবার শ্রমিকদের কারখানায় কাজে যোগদানের কথা ছিল। এদিন সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন গেটে তালা ঝুলছে। তাদের এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ ছুটি বাড়ানোয় তারা বিক্ষুব্ধ হন। একপর্যায়ে শ্রমিকরা এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ করতে থাকেন। পরে কর্তৃপক্ষ কারখানা খুলে দিলে শ্রমিকরা ভেতরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে কারখানা মালিক উপস্থিত হয়ে তাদের বকেয়া পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা চলে যায়।
এ ঘটনায় বিষয়ে এম কে ফুটওয়্যার লিমিটেড কারখানার দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর (শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান বলেন, ‘ওই কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন বকেয়া রেখে কর্তৃপক্ষ কারখানার ছুটি বাড়িয়ে বন্ধের নোটিশ টানিয়ে দেয়। শ্রমিকরা সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। পরে কারখানা মালিক এসে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মঙ্গলবার (২৭ মে) কারখানা খুলে দেয়া এবং বৃহস্পতিবার (২৯ মে) তাদের সকল পাওনা পরিশোধ করা হবে। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা চলে যায়। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।