সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফাতর করা হয়। আপেল মাহমুদ সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুকর কসাইয়ের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, আপেল মাহমুদ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীবের সকল অপকর্মের সহযোগী এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনদের প্রায় ডজন মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর আত্মগোপনে চলে যান তিনি। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেফতার করা হয়।
জুলাই আন্দোলনে সাংবাদিক পরিচয়ে তৎকালীন পুলিশের সহযোগী হয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীর বাড়িতে হামলা-লুটতরাজের অভিযোগ রয়েছে গ্রেফতার হওয়া আপেল মাহমুদের বিরুদ্ধে।
আপেল মাহমুদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।