বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রচার করছেন বিএনপির নেতাকর্মীরা নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কেউ প্রমাণ দিতে পারলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সাংবাদিকদের বলবো অনুগ্রহ করে আপনারা সংবাদ প্রচার করার আগে একটু যাচাই করে নেবেন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃণমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন। এদেশে আর কোনো জুলুমকারী ফ্যাসিস্টদের স্থান দেয়া হবে না।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রোমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, শহিদ সরকার, প্রচার সম্পাদক মো: সেলিম হোসেন দিপু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দসহ পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন হাজার সাধারণ মানুষ ও মাদরাসার ছাত্ররা অংশ নেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।