মাগুরার আলোচিত আছিয়া ধর্ষণের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বোনের স্বামী, ভাশুর ও শাশুড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আব্দুল মতিন সি ডাব্লু তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাদের জেলা কারাগারে নিয়ে যায়।
এর আগে, বিকেল ৩টার দিকে পুলিশি প্রহরায় থানা থেকে তাদেরকে আদালতে তোলা হয় ।
এ ঘটনার প্রধান আসামি হিটু শেখের সাত দিনের রিমান্ড মঞ্জুর করলে, রিমান্ডের চতুর্থ দিনে তিনি অপরাধের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরার আটপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন আছিয়া। তার অবস্থা আশঙ্কাজনক হলে প্রথম মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। এদিকে ঢাকা মেডিক্যালে তার অবস্থার উন্নতি না হলে পরে সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় তার মৃত্যু হয়।