ঢাকার আশুলিয়ার শিমুলিয়ায় মাদকের টাকা না পেয়ে সুফিয়া খাতুনকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
সোমবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সুফিয়া খাতুন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকার নেহাজুদ্দিন বেপারীর স্ত্রী এবং ঘাতক ছেলের নাম আওলাদ বেপারী (৩২)।
সূত্রে জানা যায়, ঘাতক আওলাদ একজন মাদকসেবী। সে নিয়মিত মাদক সেবন করে, কোনো কাজ করে না। সমাজের কারো সাথে ভালো সম্পর্ক রাখে না। তার মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। রাতে নিজের শয়নকক্ষেই ছিলেন সুফিয়া। মায়ের কক্ষে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক ছেলেকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।