ময়মনসিংহে স্বৈরাচার এরশাদের পত্নী ফ্যাসিস্ট হাসিনার দোসর বেগম রওশন এরশাদের পৈত্তিক নিবাস সুন্দর মহলের আঙিনায় ‘কুটুমবাড়ি রেস্টুরেন্ট’ নামে রেস্তোরাঁ নির্মাণ চেষ্টার প্রতিবাদে সুন্দর মহলে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ আহমেদ অলি, ছাত্রনেতা জিকে ওমর, আব্দুল আলীমসহ নেতা-কর্মীরা ভাঙচুর করেন।

এ সময় কিছুক্ষণ পর সংগঠনের আহ্বায়ক আজম ওয়ালিউল্লাহ ওলি ঘটনাস্থলে আসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ আহমেদ অলি বলেন, রওশন এরশাদ ডামি প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য হয়েছিলেন। জাতীয় পার্টির হয়ে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করেছেন। এই দলটির জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বিনাভোটে ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি মূলত দালাল। ‘সুন্দর মহল’ ভবনটিকে আমরা ‘দালাল মহল’ নাম দিয়ে সাইনবোর্ড দিয়েছি। এখানে রেস্তোরাঁ করতে দেয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সদস্য সচিব ফুয়াদ খান বলেন, জনতা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে। জাতীয় পার্টির দালালির কারণে সব শ্রেণি-পেশার মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত। তবে কথিত কুটুমবাড়ি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান মিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘সুন্দর মহল’ জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় ছিল। পরবর্তীতে কার্যালয়টি বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলে ‘সুন্দর মহল’ ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘দালাল মহল’ লিখে সাইনবোর্ড টানিয়ে রাখে। গত ৩১ অক্টোবর রাতে নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল সহকারে রওশন এরশাদের পৈত্তিক নিবাস ‘সুন্দর মহল’ ও জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করে সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ময়মনসিংহে জাতীয় পার্টি সব ধরনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।